শ্যামনগরে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

নিউজ ডেস্ক :: সাতক্ষীরার শ্যামনগরে রুবিয়া খাতুন (২৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে রমজাননগর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এর আগে পারিবারিক কলহের জেরে স্বামী সাদ্দাম হোসেন রুবিয়াকে মারপিট করেন বলে অভিযোগ করেন প্রতিবেশী ও গৃহবধূর বাবা। ঘটনার পর থেকে পলাতক আছেন সাদ্দাম হোসেন।

শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) ফকির তাইজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। নিহত রুবিয়া খাতুনের ৬ মাস ও ৪ বছর বয়সী দুটি সন্তান রয়েছে।

প্রতিবেশীরা জানান, শুক্রবার বিকেলে পারিবারিক বিষয় নিয়ে কলহের জেরে রুবিয়াকে মারধর করেন তাঁর স্বামী। বিষয়টি রুবিয়া তাঁর বাবাকে মোবাইল ফোনে জানানোয় সাদ্দাম রাতে দ্বিতীয়বার মারধর করেন তাঁকে। পরে বাইরে থেকে ঘরের দরজায় তালা দিয়ে সাদ্দাম পালিয়ে যান।

রুবিয়ার বাবা বছির গাজী দাবি করেন, সাদ্দাম তার মেয়েকে মারধরের পর শ্বাসরোধে হত্যা করেছেন। বিয়ের পর থেকে রুবিয়ার ওপর সাদ্দাম প্রায়ই শারীরিক নির্যাতন চালাতেন।

এ বিষয়ে সাদ্দামের মা মাসুরা বেগম বলেন, ছাগল নিয়ে আসার জন্য তিনি বাড়ির বাইরে ছিলেন। সে সময় তাঁর ছেলে ও বউমা ঘরে ছিলেন। পরে এসে ঘর তালা দেওয়া দেখে প্রতিবেশীদের ডাকেন। তাঁর ছেলে প্রায়ই স্ত্রীকে মারধর করতেন বলেও জানান তিনি।

শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) ফকির তাইজুর রহমান বলেন, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের লিখিত অভিযোগ পাওয়া মাত্রই মামলা দায়ের হবে। পলাতক সাদ্দামকে আটকের চেষ্টা চলছে।






সম্পর্কিত সংবাদ

  • শ্যামনগরে বিকল্প উপায়ে জীবন ও জীবিকার মান উন্নয়নের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ
  • পুরুষদের ধারনা, নারীদের অগ্রসরে প্রয়োজন পুরুষদের সহযোগিতা
  • শ্যামনগরে পুকুর থেকে আবারও ৩৮টি দেশীয় অস্ত্র উদ্ধার
  • শ্যামনগরে ভূয়া এনজিও প্রতিষ্ঠান তালাবদ্ধ, তিন কর্মকর্তা আটক
  • শ্যামনগরে মিনহা ফাউন্ডেশনের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল
  • আদালতের নির্দেশে শ্যামনগরে ইটভাটা বন্ধ
  • অনুমতির আগেই সুন্দরবনের মধু হচ্ছে লাপাত্তা 
  • শ্যামনগর আটুলিয়া ভূমি অফিসে ১৭শ টাকার দাখিলার মূল্যে ২০ হাজার টাকা।