সৈয়দপুরে নাশকতা মামলায় আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান জুন গ্রেফতার 

সৈয়দপুর (নীলফামারী)  প্রতিনিধি :: জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে নাশকতার অভিযোগে থানায় দায়ের হওয়া মামলায় সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জুনকে গ্রেফতার করেছে সৈয়দপুর থানা পুলিশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) দুপুরে বোতলাগাড়ি ইউনিয়নের কিসামত কাদিকোল এলাকার নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামের নুর ইসলাম ২০২৪ সালের ৪ আগষ্ট আসামী কর্তৃক সৈয়দপুর শহরের পাঁচমাথা মোড়ে পায়ে গুলিবিদ্ধ হন। এরই প্রেক্ষিতে তিনি বাদী হয়ে ওই বছর ৬ সেপ্টেম্বর ৬৩ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ৪। এই মামলায় মনিরুজ্জামান জুন এজাহারভুক্ত ২নং আসামী। তাকে অপারেশন ডেভিল হান্টের আওতায় গ্রেফতার করা হয়েছে।
এই মামলার আসামিরা পালিয়ে থাকলেও জুন নিজ বাড়ীতে অবস্থান করাসহ ইউনিয়ন পরিষদে নিয়মিত উপস্থিত থেকে কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। এমনকি বিভিন্ন দপ্তরে যাতায়াত করাসহ শহরে দিনরাত আনাগোনা করতেন। অনেকটা দাপটের সাথেই ছিল তার চলাফেরা।
সুত্র জানায়, গণঅভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর নাশকতাসহ বিভিন্ন অভিযোগে সৈয়দপুর থানায় ২ টি মামলা হয়েছে। এর মধ্যে একটি সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির অফিস ভাঙ্চুর, লুটপাট ও অগ্নিসংযোগের মামলাটি করেছেন সৈয়দপুর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শেখ আশিকুর রহমান বাবলু। আর অপর মামলাটি করেন গুলিবিদ্ধ নুর ইসলাম।
মামলাগুলো হওয়ার পর থেকে প্রধান আসামিরা আত্মগোপনে থাকলেও ইউপি চেয়ারম্যান জুনসহ বেশ কয়েকজন জনসম্মুখে চলাফেরা করছিল। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানাভাবে ব্যাপক সমালোচনা ও চাপ দেয়া হলে থানা পুলিশ আসামী গ্রেফতারে তৎপর হয়। এ অবস্থায় অপারেশন ডেভিল হান্টের আওতায় মঙ্গলবার দুপুরে এজাহারভুক্ত একজন আসামিকে গ্রেফতার করেছে।
এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মেহেদী হাসান খান মারুফ বলেন, সৈয়দপুর থানার সেকেন্ড  অফিসার আবু বকর সিদ্দিকের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে নাশকতা মামলার  আসামি মনিরুজ্জামান জুনকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। তাকে নীলফামারীর জেলা হাজতে পাঠানো হয়েছে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. ফইম উদ্দিন আসামী মনিরুজ্জামান জুনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।
এদিকে ইউপি চেয়ারম্যান জুন গ্রেফতার হওয়ায় বোতলাগাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অনেকে মিষ্টি বিতরণ করেছে বলে খবর পাওয়া গেছে।





সম্পর্কিত সংবাদ

  • সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
  • গর্ত থেকে উদ্ধার শিশু সাজিদকে মৃত ঘোষণা
  • কয়রায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন
  • শক্তি, সক্ষমতা ও পারফরম্যান্সে প্রতিদিন এগিয়ে রাখতে উন্মোচিত হয়েছে অপো এ৬
  • কয়রায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
  • কয়রায় ২ দিন ব্যাপি ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন
  • কয়রায় ইকোসিস্টেম পুনরুদ্ধারে যুব কর্মশালা ও খাল পরিছন্ন কার্যক্রম
  • স্বল্প আয়ের মানুষের মাঝে মশারি ও কর্মসংস্থান সামগ্রী বিতরণ — ডা. এস এম খালিদুজ্জামানের মানবিক উদ্যোগ