ক্রিকেটের নতুন প্রযুক্তি ‘সনিক’-এর কাজ কী

ব্যাটে বল লেগেছে কি না, তা নিয়ে ক্রিকেটে বিতর্ক নতুন নয়। বিশেষ করে ক্যাচ আউটের আবেদনে বল ব্যাট ছুঁয়েছে কি না, তা নির্ধারণ করতে হিমশিম খেতে হয় আম্পায়ারদের।

এমন পরিস্থিতিতে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করতে ক্রিকেটের সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতিতে (ডিআরএস) যুক্ত হয়েছে নতুন প্রযুক্তি ‘সনিক’। নিউজিল্যান্ডের তৈরি এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে ভারতের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে।

নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি), সম্প্রচারমাধ্যম স্কাই ও প্রযুক্তি প্রতিষ্ঠান ভার্চুয়াল আই যৌথভাবে জানিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো ডিআরএসের অংশ হিসেবে ব্যবহৃত হচ্ছে ‘সনিক’। শব্দ বিশ্লেষণ করে ব্যাট ও বলের সম্ভাব্য সংস্পর্শ শনাক্ত করতে সাহায্য করছে প্রযুক্তিটি।

এতে টিভি আম্পায়ার বিতর্কিত সিদ্ধান্ত পর্যালোচনার জন্য বাড়তি তথ্য পাচ্ছেন।
‘সনিক’ ব্যবহারের অনুমোদন দেওয়ার আগে আইসিসির সঙ্গে আলোচনা করে প্রযুক্তিটির পরীক্ষা ও মূল্যায়ন করা হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সমর্থনও ছিল এই প্রক্রিয়ায়। ২০০৮ সাল থেকে বলের গতিপথ নির্ণয়ের জন্য আইসিসির স্বীকৃতি রয়েছে ভার্চুয়াল আইয়ের।

এনজেডসির বিপণন ও বাণিজ্য বিভাগের প্রধান গ্লেন ক্রিচলি বলেছেন, ‘সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার নির্ভরযোগ্যতা খেলাটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণেই এত বিস্তৃত পরীক্ষা ও মূল্যায়নের ব্যবস্থা করা হয়েছে।’

ভার্চুয়াল আইয়ের প্রধান নির্বাহী বেন টেলর বলেছেন, ‘নির্ভুলতা, ধারাবাহিকতা এবং আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ মান পূরণের ওপর গুরুত্ব দিয়ে আমাদের দল এই প্রযুক্তির উন্নয়ন ও পরিমার্জনে নিরলসভাবে কাজ করেছে।’

আপাতত নিউজিল্যান্ড-ভারত সিরিজে ‘সনিক’ ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। ভবিষ্যতে অন্য সিরিজে এর ব্যবহার আইসিসির অনুমোদন ও স্বীকৃতি প্রক্রিয়ার ওপর নির্ভর করবে।






সম্পর্কিত সংবাদ

  • দুর্দান্ত লড়াইয়ে ঘানাকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
  • বিশ্বকাপ ফুটবলে মেসির জাদুতে আর্জেন্টিনার গোল উৎসব
  • ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার
  • কোহলিকে ছাড়িয়ে নতুন মাইলফলক গড়লেন রোহিত
  • নতুন টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা বিসিবির
  • টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তিতে ব্রিটেনের রাজাকে আমন্ত্রণ
  • ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে