বুধবার খুলছে প্রাথমিক বিদ্যালয়

সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলোয় পুরোদমে শ্রেণি কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সত্যজিত রায় দাশ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয় থেকে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক ও শিশু কল্যাণ ট্রাস্টের মহাপরিচালককে এ নির্দেশনা বাস্তবায়নের জন্য বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত ৩ আগস্ট জারি করা অফিস আদেশের কার্যকারিতা রহিত করা হলো। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলোয় পূর্ণোদ্যমে শ্রেণি কার্যক্রম চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

এর আগে, সোমবার (১২ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় বলেন, প্রাথমিক বিদ্যালয় কবে খুলবে তা কথা বলে ঠিক করা হবে।

তিনি আরও বলেন, ছাত্র ও জনগণের বৈষম্যহীন সমাজের যে দাবি, তা বাস্তবায়নে কাজ করবে সরকার। প্রাথমিক শিক্ষা যে কোনো দেশে জাতির জন্য ভিত স্বরূপ। দুঃখজনক আমাদের দেশে যেভাবে প্রাথমিক শিক্ষা গুরুত্ব পাওয়া উচিত তা পায় না। বিষয়টি আমরা গুরুত্ব দেবো।

তিনি বলেন, অবকাঠামোগত অনেক উন্নতি হয়েছে, স্বাক্ষরতার হার বেড়েছে কিন্তু প্রয়োজন মানোন্নয়ন করা। মানবসম্পদকে উন্নত করতে চাই।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ও উদ্ভূত পরিস্থিতির কারণে গত ১৬ জুলাই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সরকার। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। ওই সময় শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠান) এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শ্রেণি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধের ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়।






সম্পর্কিত সংবাদ

  • শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতি হওয়ার ন্যূনতম যোগ্যতা নির্ধারণ
  • কলারোয়ায় ইবতেদায়ী বৃত্তিতে ট্যালেন্টপুলে মুত্তাকী, উপজেলা মেধা তালিকায় দ্বিতীয়
  • জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, জানা যাবে যেভাবে
  • প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজার
  • গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজের অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
  • কেঁড়াগাছী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় কলারোয়া এর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও বই বিতরণ
  • আগরদাঁড়ী কামিল মাদ্রাসায় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
  • মেডিকেল-ডেন্টালের ভর্তি পরীক্ষায় পাসের হার ৬৬.৫৭ শতাংশ