ধবলধোলাই হয়ে নাজমুল, ‘এভাবে চলতে থাকলে এ রকম ফলাফলই হবে’

  নিউজ  ডেস্ক  :: হতে পারে অধিনায়ক হিসেবে এটাই নাজমুল হোসেনের শেষ ম্যাচ। আবার তা না–ও হতে পারে। কী হবে, তা জানা যাওয়ার কথা আজ রাতের মধ্যেই। বিসিবি সভাপতি ফারুক আহমেদ কথা বলবেন নাজমুলের সঙ্গে। এরপরই আসবে সিদ্ধান্ত।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইনিংস ও ২৭৩ রানের বিশাল হারের পর সংবাদ সম্মেলনে তাই এ নিয়ে কোনো প্রশ্নের উত্তর দেননি নাজমুল। তবে বলেছেন, অধিনায়কত্ব তাঁর ব্যক্তিগত পারফরম্যান্সে কোনো নেতিবাচক প্রভাব ফেলছে না, ‘ব্যাটিংয়ের সময় আমার কাছে একবারও মনে হয়নি আমি অধিনায়ক। অধিনায়ক বলে সব আমাকে একা করতে হবে, এমন নয়। আমি বল দেখি ব্যাটিং করি, ব্যাটিং উপভোগ করি। এখন পর্যন্ত চাপ হয়নি, আলহামদুলিল্লাহ।’

শুধু তা–ই নয়, অধিনায়কত্বটা নাকি উপভোগই করছেন নাজমুল, ‘বয়সভিত্তিক ক্রিকেট থেকেই অনেক জায়গায় বলে আসছি, অধিনায়কত্ব আমি সব সময় উপভোগ করি। গত কয়েকটা সিরিজও মাঠের ভেতরে আমি উপভোগ করেছি। এটা সব সময়ই আমার ভালো লাগার জায়গা।’

তিন দিনেই এত বড় হারের মূল কারণ ব্যাটসম্যানদের ব্যর্থতা। নাজমুলও স্বীকার করে নিয়েছেন তা, ‘এটা তো অবশ্যই খুবই হতাশাজনক। এগুলো থেকে বোঝা যায় আমাদের কত উন্নতির জায়গা আছে। পাকিস্তানে ভালো ক্রিকেট খেলেই জিতেছি। মাঠে, মাঠের বাইরে অনেকগুলো জায়গা আছে, যেখানে আমাদের উন্নতি করতে হবে।’

তিনি বলেন, ‘লম্বা সময় ধরেই এ রকম হচ্ছে। টেস্টে টপ অর্ডার থেকে যদি জুটি না হয়, তাহলে পরের ব্যাটসম্যানদের জন্য খুবই কঠিন। ওপরে যারা ব্যাটিং করে, তারা কী চিন্তা করে বা কী ধরনের প্রস্তুতি নেয়, আমি জানি না। তবে এভাবে চলতে থাকলে এ রকম ফলাফলই হবে।’






সম্পর্কিত সংবাদ

  • টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তিতে ব্রিটেনের রাজাকে আমন্ত্রণ
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিবর্তিত সূচি একনজরে দেখে নিন
  • টিকিট ছাড়াই দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ
  • ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে
  • মেসির নৈপুণ্যে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার জয়
  • এমবাপের জোড়া গোলে বিশ্বকাপে ফ্রান্স
  • সাতক্ষীরায় টেবিল টেনিস প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণী
  • নারী বিশ্বকাপের সেমিফাইনালের সময়সূচি