সরকারি কর্মচারীসহ অন্যান্য কর্মীদের ই-রিটার্ন জমা বাধ্যতামূলক

নিউজ  ডেস্ক  :: চলতি বছরের আগস্টের মাঝামাঝি সময়ের দিকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়কর দাখিল সহজ করতে অনলাইন মাধ্যম পুরোপুরি চালু করে। সে সময় এনবিআরের চেয়ারম্যান প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যক্তিপর্যায়ে ই-ট্যাক্স বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছিলেন। এর অংশ হিসেবে গতকাল মঙ্গলবার এক বিশেষ আদেশে চার সিটি করপোরেশনে অবস্থিত আয়কর সার্কেলের অধিভুক্ত সরকারি কর্মচারী, ব্যাংকার, মোবাইল প্রতিষ্ঠানের কর্মী ও ছয়টি বড় কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল এক বিশেষ আদেশে এনবিআর এ তথ্য জানিয়েছে।

এ ছাড়া ছয়টি বড় বিদেশি কোম্পানিতে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদেরও বাধ্যতামূলকভাবে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে হবে।এই কোম্পানিগুলো হলো ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, বাটা শু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড এবং নেসলে বাংলাদেশ পিএলসি।এর আগে গত সোমবার দুর্নীতি প্রতিরোধে সরকারি প্রশাসনের বিভিন্ন দাপ্তরিক লেনদেনে ডিজিটাল প্রযুক্তি চালুর বিষয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এনবিআর চেয়ারম্যানসহ কর্মকর্তাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়।
ওই বৈঠকে বৃহত্তর ঢাকা অঞ্চলের সব সরকারি কর্মকর্তাদের ই-রিটার্ন পোর্টালের মাধ্যমে আয়কর রিটার্ন জমা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়।এ ছাড়া বড় শিল্প গ্রুপগুলোকেও ই-রিটার্ন জমা দেওয়ার বিষয়ে উৎসাহিত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সিদ্ধান্তের একদিন পর এনবিআর বিশেষ আদেশ জারি করল। ২০২৪-২৫ করবর্ষের রিটার্ন দাখিল ও কর পরিপালন সহজীকরণের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের অনলাইন রিটার্ন দাখিল সিস্টেম গত ৯ সেপ্টেম্বর করদাতাদের জন্য উন্মুক্ত করা হয়।
এরপর ২ অক্টোবর পর্যন্ত অনলাইনে আয়করের ই-রিটার্ন জমার সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যায়। সরকার আশা করছে, ২০২৪-২৫ অর্থবছরে ১০ লাখ করদাতা অনলাইনে আয়কর নথি বা রিটার্ন জমা দেবেন। অনলাইনে রিটার্ন তৈরি ও জমা দেওয়া যাচ্ছে। আবার এই সিস্টেম থেকে ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট ও ক্রেডিট কার্ড এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করদাতারা কর পরিশোধ করতে পারছেন। এ ছাড়া দাখিল করা রিটার্নের কপি, প্রাপ্তি স্বীকারপত্র, আয়কর সনদ, কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) ডাউনলোড ও প্রিন্ট করা যাচ্ছে।





সম্পর্কিত সংবাদ

  • তুরস্কে জাহাজ রফতানি করবে আনন্দ শিপইয়ার্ড
  • সংকটে থাকা আরও ৩ ব্যাংকের সম্পদের মান যাচাই শুরু
  • এক্সিলেন্স ব্যাংকিং কার্ড অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক
  • ইসলামী ব্যাংকের নতুন এমডি ওমর ফারুক খান
  • জাতীয় বেতন কমিশন ২০২৫ গঠন করল সরকার
  • সরকারী ৬ টি ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, পদ ১২৬২, ফি ২০০ টাকা
  • ২,৮৯৫ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ বাংলাদেশ
  • ই-সিগারেট নিষিদ্ধ করেতে প্রধান উপদেষ্টাকে চিঠি