সালমান শাহ হত্যা মামলা: এবারও জামিন পেলেন না ডন

সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার খল অভিনেতা ডনের জামিন আবেদন ফের নামঞ্জুর করেছেন আদালত। আজ ২৯ অক্টোবর শুনানি শেষে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ তাওহীদা আক্তারের আদালত এ আদেশ দেন।

সংবাদমাধ্যমকে ডনের আইনজীবী মফিজুল ইসলাম বলেন, মামলার আগের চারটি তদন্ত প্রতিবেদন ও মেডিকেল প্রতিবেদনের বিষয়গুলো শুনানিতে তুলে ধরা হয়েছে। পাশাপাশি অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ও আদালতের সামনে উপস্থাপন করা হয়েছে।

এর আগে গেল ৫ আগস্ট ডনের জামিন আবেদন করা হয়েছিল। কিন্তু শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলামের আদালতে জামিন নামঞ্জুর করা হয়।

গেল ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় ডনকে। তিনি ওমরাহ করতে সৌদি আরব যাচ্ছিলেন। বিমানবন্দরে ইমিগ্রেশন সম্পন্ন করার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। খবর দেওয়া হয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি)। তারা এসে বিমানবন্দর থেকে ডনকে নিয়ে যায়।

এরপর বিকেলে ডনকে আদালতে আনা হয়। এসময় তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় রাখা হয়। এদিকে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন সিআইডির পরিদর্শক আরিফুর রহমান। সে আবেদনের প্রেক্ষিতে অভিনেতাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

১৯৯৬ সালে সালমান শাহর মৃত্যুর পর তার পরিবার অভিযোগ করেছিল খুন করা হয়েছে অভিনেতাকে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। দীর্ঘ তদন্ত শেষে পিবিআই জানায় পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছিলেন সালমান শাহ।

পিবিআই-এর সে প্রতিবেদনে সন্তোষ প্রকাশ করে ডন গণমাধ্যমকে বলেছিলেন, ‘আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। অবশেষে কলিজার বন্ধুকে হত্যার মিথ্যা অভিযোগ থেকে মুক্ত হলাম। আমি সবসময়ই আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম।’

এদিকে আদালতের নির্দেশে গত বছরের ২১ অক্টোবর সালমান শাহের মামা মোহাম্মদ আলমগীর রাজধানীর রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সালমান শাহের স্ত্রী সামিরা হক, ডনসহ ১১ জনকে আসামী করা হয়। ফলে সালমান হত্যা মামলার দায় থেকে মুক্তির পাঁচ বছর না যেতেই ফের অভিযুক্ত হন ডন। ওই মামলায় এবার গ্রেফতার হলেন অভিনেতা।






সম্পর্কিত সংবাদ

  • ছেলের পরীক্ষার দিনে নিজের স্কুলজীবনে ফিরলেন চঞ্চল
  • জন্মদিনে নতুন সিনেমার ঘোষণা দিলেন পরীমনি
  • সন্তানদের নিয়ে পরীমনির ঘরোয়া জন্মদিন উদযাপন
  • অস্কারে বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান, মানতে হবে যেসব শর্ত
  • রাজধানীতে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী
  • পানিতে ডুবে জনপ্রিয় অভিনেতা রাহুলের মৃত্যু