শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি শিবা শানু

নতুন দায়িত্ব পেলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি চৌধুরী মাজহার আলী শিবা শানু। বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে তাকে। এতে অতিরিক্ত সচিব পদমর্যাদায় গ্রেড-২ অনুযায়ী বেতন-ভাতা পাবেন অভিনেতা। খবরটি ঢাকা মেইলকে নিজেই নিশ্চিত করেছেন শিবা শানু।

বুধবার (২৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে গ্রেড-২ পদমর্যাদায় চুক্তিভিত্তিক এই দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০০১’-এর ১২ (২) ধারা অনুযায়ী অন্যান্য সব পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে মাজহার আলী এই দায়িত্ব পেয়েছেন। যোগদানের তারিখ থেকে পরবর্তী ১ বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে শিল্পী সমিতির সভাপতির পদে রয়েছেন শিবা শানু। শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হিসেবে যোগদানের ক্ষেত্রে সমিতির পদটি ছাড়তে হবে তাকে। সে প্রসঙ্গে পরে জানাবেন উল্লেখ করে বললেন, আমি সেন্সর সার্টিফিকেশন বোর্ডে। সিনেমা দেখছি। এ বিষয়ে পরে জানাব।

১৯৯৮ সালে ঢালিউডে নাম লেখান শিবা শানু। সে বছর মুক্তিপ্রাপ্ত ‘মাতৃভূমি’ সিনেমার মাধ্যমে পথচলা শুরু তারা। তারপর বিভিন্ন সিনেমায় খল চরিত্রে অভিনয়ের মাধ্যমে তারকা খ্যাতি লাভ করেন তিনি।



(পরবর্তী সংবাদ) »



সম্পর্কিত সংবাদ

  • জন্মদিনে নতুন সিনেমার ঘোষণা দিলেন পরীমনি
  • সন্তানদের নিয়ে পরীমনির ঘরোয়া জন্মদিন উদযাপন
  • অস্কারে বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান, মানতে হবে যেসব শর্ত
  • রাজধানীতে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী
  • পানিতে ডুবে জনপ্রিয় অভিনেতা রাহুলের মৃত্যু
  • ঈদের শুভেচ্ছা জানালেন শাকিব খান