শাপলা চত্বরে আলেমদের হত্যা করেছিল আওয়ামী লীগ : আবু নাসের

নিউজ ডেস্ক :: ‘শাপলা চত্বরে হেফাজতে ইসলামের আলেমদের হত্যা করেছিল আওয়ামী লীগ’ উল্লেখ করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো: রহমাতুল্লাহ বলেছেন, ‘যেখান থেকে বাচ্চারা ইসলাম শিক্ষা গ্রহণ করে, কুরআন-হাদিসের শিক্ষা পায় সেগুলো বন্ধ করার পরিবেশ বিগত সরকার তৈরি করেছিল।’

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে বরিশাল সদর উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়নের চেয়ারম্যান বাড়ি জামে মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিলে তিনি এসব কথা বলেন।

আবু নাসের মো: রহমাতুল্লাহ বলেন, ‘মসজিদের খুতবায় শেখ মুজিবুর রহমানের নাম বলতে খুতবা লিখতে দেয়া হয়েছিল। আবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আওয়ামী লীগ করার সার্টিফিকেট নিয়ে খতিবের কাজ করতে হয়েছে। আমরা সেইরকম বাংলাদেশে আর ফিরে যেতে চাই না।’

তিনি বলেন, ‘আমাদের ভালোর দিকে যেতে হলে চুপ করে থাকলে হবে না। যারা ধর্মীয় চিন্তা-চেতনা নিয়ে সমাজের ও দেশের উন্নয়ন করতে পারে, তাদের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। ইসলামবিরোধী ফ্যাসিবাদী শক্তির দোসর কোনো স্বৈরশাসক আর যাতে বাংলাদেশে ক্ষমতার মসনদে আসতে না পারে, সেজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’

বিএনপির এই নেতা বলেন, ‘ইসলামবিরোধী অপশক্তি আর যাতে ভোটের মাধ্যমে ক্ষমতায় না আসতে পারে, সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশে ইসলামি রাজনীতি নিষিদ্ধ ছিল, ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ ছিল। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সব মাদ্রাসা মসজিদে তালা লাগিয়ে দিয়েছিল। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসে বাংলাদেশে ইসলামি রাজনীতি ও ধর্মীয় শিক্ষা পুনরায় চালু করেছিলেন। আর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যিনি চিকিৎসার জন্য দেশের বাইরে রয়েছেন, তিনি এই দেশের গণতন্ত্র ও ইসলামের জন্য অনেক কিছু করেছেন, অনেক খেদমত করেছেন। তাদের জন্য দোয়া করবেন।’

এ সময় আবু নাসের বলেন, ‘আগামী দিনের ইসলামি রাজনীতি ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে এখনো অনেক ষড়যন্ত্র হচ্ছে, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বিশেষ করে পাশের একটি রাষ্ট্র আর এ দেশে আওয়ামী লীগের যে সব চ্যালাচামুণ্ডা গুন্ডাপান্ডা বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে, তারা চেষ্টা করছে বিএনপি ও তারেক রহমান যেন ক্ষমতায় আসতে না পারেন।’

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) বরিশাল বিভাগীয় সেক্রেটারি ও রায়পাশা কড়াপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আমিনের সভাপতিত্বে মাহফিলে ইসলামি চিন্তাবিদ শাইখুল আরব মুফতি আমিনুল ইসলাম আরেফী, বরিশাল নগরের স্টিমার ঘাট জামে মসজিদের খতিব মাওলানা শরফউদ্দিন বেগ, হাফেজ মাওলানা কামাল উদ্দিন মুঈনী, ক্বারী এনায়েত উল্লাহ সাইফী, মাওলানা আবদুল জলীলসহ অনেক ওলামায়ে কেরাম বক্তব্য দেন।






সম্পর্কিত সংবাদ

  • বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
  • রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র প্রত্যাহার করেননি কেউ, ভোট ২০ আগস্ট
  • হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০
  • শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ
  • ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন
  • জমিরউদ্দিন সরকারের মৃত্যুতে মেজর মান্নানের শোক
  • সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলুর: ডিবি