২৯ সেপ্টেম্বর থেকে পৃথিবীর সঙ্গী হচ্ছে ‘নতুন চাঁদ’

 নিউজ ডেস্ক :: স্বল্প সময়ের জন্য দ্বিতীয় একটি ‘চাঁদ’ পেতে যাচ্ছে পৃথিবী। ২৯ সেপ্টেম্বর থেকে ২৫ নভেম্বরের মধ্যে আমাদের পৃথিবীকে প্রদক্ষিণ করবে এটি। তারপর গ্রহাণুটি একটি সূর্যকেন্দ্রিক কক্ষপথে (সূর্যের চারপাশের কক্ষপথ) ফিরে যাবে।

জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবী থেকে খোলা চোখে বা অপেশাদার টেলিস্কোপ দিয়ে ‘২০২৪ পিটি৫’ গ্রহাণুকে দেখা যাবে না। নতুন আবিষ্কৃত গ্রহাণুটি অস্থায়ীভাবে পৃথিবীর মাধ্যাকর্ষণ বলে ধরা পড়বে। ‘২০২৪ পিটি৫’ নামের এই গ্রহাণুকে ‘মিনি মুন’ হিসেবে আখ্যায়িত করছেন বিজ্ঞানীরা। খবর স্পেসডটকম’র।

নাসার অর্থায়নে দক্ষিণ আফ্রিকাভিত্তিক গ্রহাণু টেরিস্ট্রিয়াল-ইমপ্যাক্ট লাস্ট অ্যালার্ট সিস্টেম-অ্যাটলাস ব্যবহার করে জ্যোতির্বিজ্ঞানীরা প্রথম গত ৭ আগস্ট গ্রহাণুটি দেখতে পান।

মাদ্রিদের কমপ্লুটেন্স বিশ্ববিদ্যালয়ের গাণিতিক বিজ্ঞান অনুষদের গবেষক কার্লোস দে লা ফুয়েন্তে মার্কোস বলেন, গ্রহাণুটির ব্যাস সম্ভবত প্রায় ৩৭ ফুট (১১ মিটার)। তবে এর আকার নিশ্চিত করতে আরও পর্যবেক্ষণ এবং তথ্যের প্রয়োজন।

আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির একটি গবেষণায় এই গ্রহাণুর গঠন, ভ্রমণপথ ও অন্যান্য বিষয়গুলো উঠে এসেছে। এই গবেষণায় বলা হয়েছে, পৃথিবী প্রদক্ষিণ শেষে গ্রহাণুটি সূর্যকেন্দ্রিক একটি কক্ষপথে (হেলিওসেন্ট্রিক অরবিট) ফিরে যাবে।

পৃথিবীর মহাকর্ষে আকৃষ্ট হয়ে কোনো গ্রহাণুর কক্ষপথ প্রদক্ষিণ করার ঘটনা এটিই প্রথম না। এরকম অস্থায়ী চাঁদের দেখা আগেও পেয়েছে পৃথিবী। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে পৃথিবীর কক্ষপথে ‘২০২০ সিডি ৩’ নামের একটি গ্রহাণুর দেখা পান বিজ্ঞানীরা। এরপর গবেষণায় জানা যায়, শনাক্ত হওয়ার আগে কয়েক বছর ধরে আমাদের গ্রহকে প্রদক্ষিণ করছিল গ্রহাণুটি।

পৃথিবীর দিকে দ্রুত গতিতে আসা গ্রহাণুগুলো সাধারণত আমাদের বায়ুমণ্ডলে আছড়ে পড়ে, বা ভস্মীভূত হয়ে যায়। উপগ্রহ বা চাঁদের মতো পৃথিবীকে প্রদক্ষিণ করতে হলে একটি গ্রহাণুকে সঠিক গতি এবং দিক মেনে পৃথিবীর দিকে আসতে হবে।

২০১৩ সালে রাশিয়ার চেলিয়াবিনস্কের উপর দিয়ে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করা গ্রহাণুর চেয়ে এটি বড় হবে বলে মনে করা হচ্ছে। প্রায় ৫৫ থেকে ৬৫ ফুট আকারের চেলিয়াবিনস্ক গ্রহাণুটি সেই সময় বাতাসে বিস্ফোরিত হয়। এটি জাপানের হিরোশিমায় ফেলা পারমাণবিক বোমার চেয়ে ২০ থেকে ৩০ গুণ বেশি শক্তি নির্গত করে এবং সূর্যের চেয়ে বেশি উজ্জ্বলতা উৎপন্ন করে। ক্ষতিগ্রস্ত করে সাত হাজারের বেশি ভবন।






সম্পর্কিত সংবাদ

  • রিয়েলমি সি৮৫ সিরিজ: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস করল এই ফোন
  • ট্রান্সপারেন্ট ডিজাইনে আসছে আইফোন ১৮ প্রো
  • জেমেনাই এআই ও ৬ বছরের আপডেট সুবিধা নিয়ে দেশের বাজারে স্যামসাং নেক্সট-জেন গ্যালাক্সি এ১৭ ৫জি
  • গ্রামীণফোনের জিপি শিল্ডের মাধ্যমে সাইবার নিরাপত্তা জোরদার করলো নাভানা ফার্মাসিউটিক্যালস
  • মাত্র ১৫ মিনিটের চার্জে ১২ ঘণ্টা চলবে এই ফোন
  • ফেসবুকে আসছে ইনস্টাগ্রামের ফিচার
  • বিশ্বের সবচেয়ে ছোট ৫ ফোন
  • সাশ্রয়ী দামে ফ্ল্যাগশিপ ফিচার সমৃদ্ধ গ্যালাক্সি এ০৭ উন্মোচন করল স্যামসাং