বাংলাদেশ দলের জন্য দুঃখজনক নিজেদের মাটিতে বিশ্বকাপ খেলতে না পারা: ইংল্যান্ড অধিনায়ক

নিউজ ডেস্ক :: নিজের দেশের মাটিতে বিশ্বকাপ খেলতে না পারাটা বাংলাদেশ দলের জন্য দুঃখজনক বলে মন্তব্য করেছেন ইংল্যান্ড নারী দলের অধিনায়ক হিদার নাইট।

এমনকি বাংলাদেশে বিশ্বকাপ হলে দর্শকসংখ্যা বেশি হতো বলেও মনে করেন তিনি। শুক্রবার ইংল্যান্ডের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে এই কথা বলেন নাইট।

বর্তমান পরিস্থিতিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে হওয়াটাকে সমর্থন করেননি অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যালিসা হিলি। তবে হিদার নাইট পুরোপুরি আলাদা মত ব্যক্ত করলেন। শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ড পুরুষ দলের লর্ডস টেস্টের প্রথম দিন মধ্যাহ্নবিরতিতে স্কাই স্পোর্টসে কথা বলার সময় সে প্রসঙ্গে নাইট বলেন, ‘বাংলাদেশে অবশ্যই অনেক বেশি দর্শক থাকত। ২০১৪ সালে সেখানে খেলে দেখেছি। আমাদের ম্যাচে অনেক দর্শক দেখেছি, বিশেষ করে সিলেটে। আমাদের রীতিই হয়ে গিয়েছিল আশপাশে অনেক মানুষ থাকা।’

বাংলাদেশে সিলেট ও মিরপুর এই দুই ভেন্যুতে হওয়ার কথা ছিল বিশ্বকাপ। এখন সেটি হবে আর আমিরাতের শারজা ও দুবাইয়ে। এর মধ্যে শারজার স্টেডিয়ামের ধারণক্ষমতা ১৬ হাজার, দুবাইয়ে ২৫ হাজার।

২০২১ সালে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় ভারত-পাকিস্তানের ম্যাচ ছাড়া সেভাবে দর্শক ছিল না মাঠে। এমনিতেও দেশটি মেয়েদের ক্রিকেট সেভাবে আয়োজন করে না। নাইটও জানেন সেটি। ইংলিশ নারী দলের অধিনায়ক বলেন, ‘কেউ কেউ দর্শকদের অনেক আওয়াজে রোমাঞ্চিত হয়। এখন তা হয়তো আর সম্ভব না। তবে আমাদের সামনে কী আসতে যাচ্ছে, সেটি নিয়ে প্রস্তুত হতে হবে। আমার মনে হয় না (আরব আমিরাতের মাঠে) হুট করে বেশি দর্শক আসবে। তবে এ নিয়ে কিছু করার নেই। অবশ্যই নিরাপত্তার মতো বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

বাংলাদেশে বিশ্বকাপ হবে, এটি ভেবেই ১৮ মাস ধরে প্রস্তুতি নিয়েছে ইংল্যান্ড। এরপরও আইসিসির এমন সিদ্ধান্তের পক্ষেই নাইট। অবশ্য বাংলাদেশের প্রতি সহমর্মিতাও জানিয়েছেন তিনি। হিদার বলেন, ‘অবশ্যই বাংলাদেশ দলের জন্য ব্যাপারটি দুঃখজনক, নিজেদের মাটিতে বিশ্বকাপ খেলতে পারবে না। তবে আমার মনে হয়, এটিই হয়তো সঠিক সিদ্ধান্ত। কন্ডিশন একটু আলাদা হবে, তবে খুব বেশি সমস্যা হবে না ওদের জন্য।’

এর আগে অস্ট্রেলিয়া নারী দলের অধিনায়ক বাংলাদেশে বিশ^কাপ না করার পক্ষে মত দেন। হিলি বলেন, ‘এ মুহূর্তে বাংলাদেশে একটা ক্রিকেট ইভেন্ট চলা আমার কাছে কঠিন মনে হচ্ছে। যেসব মানুষ মারা যাচ্ছে, তাদের সহায়তায় এখন সবাইকে প্রয়োজন। এ মুহূর্তে মানুষ হিসেবে সেখানে খেলার ব্যাপারটি আমার জন্য ঠিক হবে না। মনে হচ্ছে এটি হয়তো ভুল একটা কাজ হবে। নিশ্চিতভাবেই বাংলাদেশে একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের চেয়ে বড় ব্যাপার ঘটছে।’






সম্পর্কিত সংবাদ

  • টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তিতে ব্রিটেনের রাজাকে আমন্ত্রণ
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিবর্তিত সূচি একনজরে দেখে নিন
  • টিকিট ছাড়াই দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ
  • ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে
  • মেসির নৈপুণ্যে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার জয়
  • এমবাপের জোড়া গোলে বিশ্বকাপে ফ্রান্স
  • সাতক্ষীরায় টেবিল টেনিস প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণী
  • নারী বিশ্বকাপের সেমিফাইনালের সময়সূচি