আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার বুধহাটা থেকে পাইথালী পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের বিভিন্ন অংশ ভাঙাচোরা ও বেহাল দশায় পরিণত হয়েছে। ব্যস্ততম এই গ্রামীণ সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় এবং পিচ উঠে, যাওয়ায় প্রতিদিন হাজার হাজার পথচারী ও স্থানীয়রা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
ব্যস্ততম সড়ক দিয়ে প্রতিদিন আশাশুনি উপজেলাসহ পাশ্ববর্তী দেবহাটা ও কালিগঞ্জ উপজেলার হাজার হাজার মানুষ বিভিন্ন যানবাহনে চলাচল করে থাকে। কিন্তু সড়কের অবস্থা এতটাই নাজুক হয়ে গেছে যে, সামান্য বৃষ্টি হলেই পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। রিকশা, ভ্যান, মোটরসাইকেল, ইজিবাইক, প্রাইভেটসহ অন্য যানবাহন প্রায়ই দুর্ঘটনায় কবলিত হয়ে থাকে। অসুস্থ, বৃদ্ধ ব্যক্তিদের পক্ষে এ রাস্তায় চলাচল অসম্ভব হয়ে পড়েছে। রাস্তায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় গ্রামের ছোট পথ বেছে নিচ্ছে অনেক যানবাহন। ফলে ছোট রাস্তাগুলোর স্থায়িত্ব দুর্বল হয়ে পড়ছে এবং ঘটছে ছোট বড় দূর্ঘটনা।
স্থানীয় উৎপাদিত কৃষিপণ্য ও মালামাল বাজারে আনা-নেয়া করতে অতিরিক্ত খরচ ও সময় লেগে যাচ্ছে। পথচারী ইদ্রিস সরদার, রানা মোড়ল সহ একাধিক ব্যক্তি জানান, রাস্তার অবস্থা খুবই খারাপ। জরাজীর্ণ অবস্থার কারণে ভিন্ন পথ বেছে নিতে হচ্ছে। ফলে তাদের যাতায়াত খরচ বেড়ে যাচ্ছে ও ভোগান্তিও বেড়েছে। গাড়ি চালক ইমন রাজা জানান, প্রতিদিন দুই তিনবার এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাতায়াত করি। রাস্তা বসে এতটাই গর্তে পরিণত হয়েছে যে গাড়ি নিয়ে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে ভিন্ন পথে পাড়ি দিতে হচ্ছে তাদের। স্থানীয় চেয়ারম্যান, এলজিইডি কর্মকর্তাদের গাফিলতির কারণে রাস্তার এমন পরিণতি হচ্ছে বলে দোষারোপ করেন পথচারীরা।
এলাকাববাসীর দাবি দ্রুত সড়কটি সংস্কার বা পুনর্নির্মাণ করার ব্যবস্থা নেয়া হোক। সাথে সাথে ভারী যান চলাচল নিয়ন্ত্রণ করে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা প্রয়োজন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের মাধ্যমে সড়কটি সংস্কারের জন্য এলাকাবাসী দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন।
এলজিইডি উপজেলা ইঞ্জিনিয়ার অনিন্দ্যদেব সরকার জানান, আমরা গাজীরমাঠ বাজার পর্যন্ত ২৫০০ মিটার মাপ জরিপ করে উর্দ্ধতন কতৃপক্ষকে পাঠিয়েছি। বাজেট হলে দ্রুত কাজ শুরু করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু জানান, রাস্তার বেহাল দশার কথা শুনেছি। জনদুর্ভোগ কমাতে খুব দ্রুত রাস্তা সংস্কারের কাজ শুরু করা হবে।
সম্পর্কিত সংবাদ
আশাশুনিতে পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার-২
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক দ্রব্যসহ ২বিস্তারিত…
আশাশুনি উপজেলা জামায়াতের নায়েবে আমীর আঃ মান্নানের ইন্তেকাল
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউপির সাবেক চেয়ারম্যান, উপজেলা জামায়াতেরবিস্তারিত…


