শপথ নিতে ডাক পেলেন যারা

নিউজ  ডেস্ক  ::  অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারে আরও ৫ জন যোগ দিতে পারেন। রোববার সন্ধ্যা ৭ টায় বঙ্গভবনে তাদের শপথ অনুষ্ঠান হতে পারে। মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে নতুন যারা যুক্ত হচ্ছেন, তাদের মধ্যে চারজনের নাম জানা গেছে। তারা হলেন, অধ্যাপক মো. সায়েদুর রহমান, ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

রোববার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ হওয়ার কথা রয়েছে। এই চারজনের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিতে আমন্ত্রণ পাওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। অধ্যাপক মো. সায়েদুর রহমান গত ২৭ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য হিসেবে নিয়োগ পান। এবার সেখান থেকে তাকে উপদেষ্টা পরিষদে নেওয়া হচ্ছে। মো. সায়েদুর রহমান বিএসএমএমইউর ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক।

সেখ বশির উদ্দিন দেশের শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী আকিজ–বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি সেখ আকিজ উদ্দিনের সন্তান। মোস্তফা সরয়ার ফারুকী খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা। কয়েক দশক ধরে তিনি চলচ্চিত্র, নাটক নির্মাণ করে পরিচিত মুখ হয়ে উঠেছেন। এছাড়া পুলিশের সাবেক মহাপরিদর্শক খোদা বক্স চৌধুরী প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে অন্তর্বর্তী সরকারে যোগ দিচ্ছেন বলে একটি সূত্র জানিয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টাসহ এই সরকারের সদস্যসংখ্যা এখন ২১। তবে সরকারের কার্যক্রমে গতিশীলতা আনতে উপদেষ্টা পরিষদে আরও সদস্য নিয়োগের পরামর্শ আসছিল বিভিন্ন মহল থেকে।

সূত্র :যুগান্তর






সম্পর্কিত সংবাদ

  • দুই দেশের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন প্রধানমন্ত্রী: ত্রিবেদী
  • হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২৫৬
  • রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ
  • রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
  • রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র প্রত্যাহার করেননি কেউ, ভোট ২০ আগস্ট
  • হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০