জামায়াত আমিরের হার্টে ৪ ব্লক, শনিবার বাইপাস সার্জারি
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি শনিবার (২ আগস্ট) সকাল ৭টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে সম্পন্ন হবে। দেশের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবির এই অস্ত্রোপচার পরিচালনা করবেন।
শুক্রবার (১ আগস্ট) বিকেলে এক সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন।
তিনি বলেন, ‘প্রিয় রাহবারের সুস্থতা কামনায় আমরা যেন আল্লাহর দরবারে নফল ইবাদতের মাধ্যমে– সালাত, সিয়াম ও সাদাকাহর মাধ্যমে একান্তভাবে দোয়া করি।’
জামায়াতের সেক্রেটারি বলেন, ‘আল্লাহ তাআলা যেন আমাদের রাহবারকে দ্রুত আরোগ্য দান করেন এবং পূর্ণ সক্ষমতা নিয়ে দ্বীনের ময়দানে ফিরে আসার তাওফিক দেন, এই দোয়াই করছি।’
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতের জাতীয় সমাবেশে অংশগ্রহণ শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমীরে জামায়াতকে তাৎক্ষণিকভাবে একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা সেদিনের প্রাথমিক পরীক্ষায় বড় কোনো জটিলতা পাননি, তবে ধারণা করেছিলেন তিনি ডিহাইড্রেশনে ভুগেছেন।
তিনি আরও বলেন, এরপর আরও নিশ্চিত হওয়ার জন্য ৩০ জুলাই ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে তার এনজিওগ্রাম করা হয়। সেখানে তার হার্টে চারটি ব্লক ধরা পড়ে। তবে এই মুহূর্তে তিনি স্থিতিশীল আছেন এবং স্বজন ও ঘনিষ্ঠদের সঙ্গে স্বাভাবিকভাবে কথাবার্তা বলছেন।
জামায়াতের পক্ষ থেকে জুমার দিনে দেশের প্রতিটি মসজিদে দলের কর্মী ও দ্বীনি সাথীদের নিয়ে বিশেষ দোয়ার আয়োজনের আহ্বান জানানো হয়েছে।
সম্পর্কিত সংবাদ
ঠাকুরগাঁও উপনির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিপুল ভোটে জয়ী
ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন।বিস্তারিত…
ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে পরিণত করার পরিকল্পনা প্রধানমন্ত্রীর
রাজধানী ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে পরিণত করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনিবিস্তারিত…


