‘মেরিটাইম সেক্টর সম্ভাবনার এক বিরাট ক্ষেত্র’

নিউজ ডেস্ক :: নৌপরিবহন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘মেরিন একাডেমির ক্যাডেটরা আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ পান। মেরিটাইম সেক্টর সম্ভাবনার এক বিরাট ক্ষেত্র। আমাদের বৈদেশিক মুদ্রার অনেকটা আসে মেরিটাইম (সামুদ্রিক) সেক্টর থেকে।

মেরিন ক্যাডেট ও নাবিকরা দেশি-বিদেশি জাহাজে চাকরি করে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকেন। যা আমাদের অর্থনীতিতে অবদান রাখছে। তাই দেশের অর্থনৈতিক উন্নয়নে মেরিন ক্যাডেটদের গুরুত্ব অপরিসীম।’ ক্যাডেটদের একাডেমিক লেখাপড়ার পাশাপাশি কো-কারিকুলাম/সহ-পাঠ্যক্রমিক শিক্ষায় তথা শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার সঙ্গে প্রশিক্ষণ সম্পন্ন করার উপর জোর দেন তিনি।

সোমবার সকালে চট্টগ্রামের আনোয়ারায় বৈরাগী ইউনিয়নে অবস্থিত বাংলাদেশ মেরিন একাডেমি পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। বাংলাদেশি ক্যাডেটরা দেশের বাইরে গিয়ে দক্ষতার পরিচয় দিচ্ছেন, কিন্তু দেশের প্রতি তাদের অনাগ্রহ কেন? পরিদর্শন শেষে সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘আমি মন্ত্রণালয়ের সবার সঙ্গে আলোচনা করেছি কীভাবে সব সমস্যার সমাধান করা যায়।

আমরা ক্যাডেটদের দেশের প্রতি অনাগ্রহের কারণ খুঁজে তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করবো।’ এর আগে নৌপরিবহন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা বাংলাদেশ মেরিন একাডেমি কর্তৃক বাস্তবায়নাধীন ‘অবকাঠামোগত পুনর্গঠনের মাধ্যমে বাংলাদেশ মেরিন একাডেমি আধুনিকীকরণ’ শীর্ষক প্রকল্পের চলমান কাজ এবং সিমুলেটর পরিদর্শন করেন। এ সময় উপদেষ্টা প্রকল্পের কাজের অগ্রগতির বিষয়ে বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরে তিনি মেরিন একাডেমির ক্যাডেটদের প্যারেড পরিদর্শন শেষে সী-ফেয়ারার্স মেমোরিয়ালের পাশে বৃক্ষরোপণ করেন। অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, নৌবাণিজ্য দপ্তরের প্রধানসহ একাডেমির কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এর আগে মেরিন একাডেমির গেটে বাংলাদেশি মেরিন অফিসারদের বিক্ষোভ ও প্রতিবাদ করতে দেখা গেছে।বিক্ষোভকারীরা বাণিজ্যিক জাহাজ সম্পর্কিত সকল প্রশাসনে বহিরাগতদের হস্তক্ষেপ মুক্ত চান ও নৌ পরিবহন উপদেষ্টার কাছে ৪ দফা দাবি পেশ করেন।






সম্পর্কিত সংবাদ

  • খালেদা জিয়া ছিলেন ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধান উপদেষ্টা
  • ভোটে আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে কাজ করবে, জানাল ইসি
  • দেশবাসীকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার
  • ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি: সিইসি
  • বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা
  • নির্বাচনী ইশতেহারে সড়ক নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পাবে: নুর
  • বরিশাল বিভাগীয় ৮ দলীয় সমাবেশ স্থল বেলস পার্ক পরিদর্শনে শীর্ষ নেতৃবৃন্দ
  • ভূমিকম্প: রাজধানীতে ৩০০ ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত