নাশকতাকারীদের দেখামাত্র গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের

ডেস্ক নিউজ :: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আগামীকাল শেখ হাসিনার রায়কে ঘিরে কেউ নাশকতা করলে তাকে দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

জানতে চাইলে রোববার (১৬ নভেম্বর) রাত ৭টা ১০ মিনিটে ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ‘এ ধরনের নির্দেশ দিয়েছি’।

এ বিষয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী গণমাধ্যমকে বলেন, আমি ওয়্যারলেসে বলেছি যে কেউ বাসে আগুন দিলে, ককটেল মেরে জীবনহানির চেষ্টা করলে তাকে গুলি করতে। এটা আমাদের আইনেই বলা আছে।

পুলিশের গাড়িতে আগুন দিলে, ককটেল নিক্ষেপ করলে বা জানমালের ক্ষতির চেষ্টা করলে পুলিশ তো বসে থাকবে না’-যোগ করেন ডিএমপি কমিশনার।

তিনি বলেন, দণ্ডবিধির ৯৬ ধারায় বলা হয়েছে, ‘ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগকালে কৃত কোনো কিছুই অপরাধ নহে।’

প্রসঙ্গত, সোমবার (১৭ নভেম্বর) ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায় ঘোষণাকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগসহ আওয়ামীপন্থি সংগঠনগুলো দেশে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরির চেষ্টা করতে পারে, এমন আশঙ্কা থেকেই ডিএমপি কমিশনার এ নির্দেশনা দিয়ে থাকতে পারেন বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

এই কর্মসূচি ঘিরে ১০ নভেম্বর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাসে-ট্রেনে আগুন দেওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে।

শেখ হাসিনার মামলার রায় আগামীকাল সোমবার। এ দিনটি ঘিরে আওয়ামী লীগ অনলাইনে রোববার থেকে দুদিন ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

এর আগে গত সপ্তাহে চট্টগ্রামে কয়েকটি ‘টার্গেট কিলিংয়ের’ পর মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলি করে হত্যার নির্দেশ দেন। গেল ১১ নভেম্বর দুপুরে বেতার বার্তার মাধ্যমে এ নির্দেশনা দেন সিএমপি কমিশনার।






সম্পর্কিত সংবাদ

  • গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি
  • টিএসসিতে ‘শালুকডাঙার কথা’ পরিবেশন করল ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ
  • দুই দেশের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন প্রধানমন্ত্রী: ত্রিবেদী
  • হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২৫৬
  • রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ
  • রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন