আনসারদের মারধরে আহত সেই গাড়িচালকের মৃত্যু

নিউজ ডেস্ক::গত ২৫শে আগস্ট রাতে সচিবালয়ের সামনে আন্দোলনরত আনসারদের মারধর ও লাঠির আঘাতে আহত গাড়িচালক শাহীন হাওলাদারের (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। গতকাল সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শাহীনের ছেলে হাসান আহমেদ বিশাল বলেন, আমাদের বাড়ি বাগেরহাট জেলার মোংলা থানার দক্ষিণ বাজিকারের খণ্ড গ্রামে। কিন্তু আমরা দীর্ঘদিন ধরে ঢাকাতেই থাকি। আমার বাবার সচিবালয়ের সামনে রেন্ট-এ-কারের অফিস রয়েছে। সেখানকার গাড়ি চালাতেন।

গত ২৫শে আগস্ট সাধারণ আনসার সদস্যরা যখন সচিবালয় ঘেরাও করেন, সেখানে শিক্ষার্থীরা উপস্থিত হলে তাদের ওপর হামলা করে আনসার সদস্যরা। এসব শুনে আমি ও আমার কয়েকজন বন্ধু মিলে সচিবালয়ের সামনে যায়। এরপর রাত ৯টার দিকে সচিবালয়ের দুই পাশে আনসার সদস্যরা অবস্থান নিলে মাঝখানে আটকা পড়ি আমরা।

তখন সচিবালয়ের সামনে থেকে ফোন করে আমি আমার বাবাকে আমাদের উদ্ধার করে নিয়ে যেতে বলি। বাবা আমার ফোনকল পেয়ে সচিবালয়ের সামনে গিয়েছিল আমাদের খোঁজ করতে। তখন আনসার সদস্যরা কোনো কিছু না শুনেই তাদের হাতে থাকা লাঠি দিয়ে আমার বাবার মাথার পেছনে আঘাত করে।

তারা যে যেমন পেরেছে আমার বাবাকে মেরেছে। তাদের মারধরে বাবা রাস্তায় লুটিয়ে পড়লে শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। বাবার খোঁজ না পেয়ে আমি তখনও বার বার বাবার ফোনে কল করছিলাম। হঠাৎ এক শিক্ষার্থী ফোন রিসিভ করে বলেন, আমার বাবার ওপর হামলা করেছে আনসার সদস্যরা।

তাড়াতাড়ি ঢামেকে আসতে বলে। আমি এসে দেখি আমার বাবা মারাত্মকভাবে জখম হয়েছে। তার মাথায় অস্ত্রোপচারের পর তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাবাকে ছাড়া এখন আমরা কীভাবে চলবো।

এদিকে শাহীন হাওলাদারের মৃত্যু নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, ‘সেদিন সচিবালয়ের সামনে আনসার নামক কতিপয় সন্ত্রাসীর হামলায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হওয়া শাহীন হাওলাদার ভাই আজ পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন।

’শাহীনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে।

এ বিষয়ে শাহবাগ থানার এসআই মো. সানাউল হক বলেন, শাহীনের মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। পরিবারের আবেদনে শাহীন হাওলাদারের মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সূত্র:নিউজ ডেস্ক






সম্পর্কিত সংবাদ

  • দুই দেশের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন প্রধানমন্ত্রী: ত্রিবেদী
  • হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২৫৬
  • রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ
  • রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
  • রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র প্রত্যাহার করেননি কেউ, ভোট ২০ আগস্ট
  • হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০