পিআর পদ্ধতির দাবিতে আন্দোলনে নামার ঘোষণা জামায়াতের

জাতীয় সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষে আনুপাতিক বা পিআর পদ্ধতিতে ভোটের দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১০ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেন, সংসদে উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে ভোটের ব্যাপারে আমরা একমত হয়েছি। কিন্তু আমাদের দাবি হচ্ছে পিআর হতে হবে উচ্চকক্ষ ও নিম্নকক্ষে। সেই ইস্যুতে আমরা আন্দোলন করবো। এটার কারণ হচ্ছে ৫৪ বছরের নির্বাচনের পদ্ধতিতে আমরা দেখেছি এখানে ফেয়ার ইলেকশন কখনো নিশ্চিত করা যায় নি।

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে আশা প্রকাশ করে তিনি বলেন, জামায়াতে ইসলামী সব সময় নির্বাচনের পক্ষে। ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে, সেই তারিখের ব্যাপারে জামায়াতে মৌলিক কোন আপত্তি নেই। কারণ আমরা আগে থেকেই বলেছি নির্বাচন ফেব্রুয়ারি বা এপ্রিলে হতে পারে।

বিগত তিনটা নির্বাচনের উদাহরণ টেনে জামায়াতের এই নেতা বলেন, অতীতে তিনটি নির্বাচন যেভাবে হয়েছে তাতে নির্বাচন নিয়ে মানুষের শঙ্কাটা কাটেনি। সে জন্য সরকারকে অনেকগুলো উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছি আমরা।

এই নির্বাচনের আগে সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী সংস্কার ও আওয়ামী লীগের বিচারের দাবিও জানান সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেন, আমরা সিইসিকে বলেছি নির্বাচনের পূর্বশর্ত হচ্ছে লেভেল প্লেয়িং ফিল্ড। উনি আমাদের নিশ্চয়তা দিয়েছেন আমার দিক থেকে সাধ্যমত সিরিয়াস থাকবো। আমরা প্রধান নির্বাচন কমিশনারের ওপর আস্থা রাখতে চাই। বালাদেশের মানুষ আর কোন আনফেয়ার ইলেকশন দেখতে চায় না। এরকম কোন কিছু হলে এদেশের মানুষ আবারও রাস্তায় নামবে। কোন দখলীয় নির্বাচন এদেশের মানুষ আর গ্রহণ করবে না।

তথ্য সূত্র: বিবিসি বাংলা






সম্পর্কিত সংবাদ

  • আর কোনো ফ্যাসিবাদের হাতে দেশকে ইজারা দেওয়া হবে না: জামায়াত আমির
  • বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা করতে চাই : সালাহউদ্দিন আহমদ
  • বিশ্বজয়ী হাফেজরা পেলেন প্রধানমন্ত্রীর সংবর্ধনা
  • প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে উল্টো পথে হাঁটছে সরকার: জামায়াত আমির
  • ধ্বংসযজ্ঞ চালিয়ে দেশের ক্ষতি করতে চাই না: জামায়াত আমির
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের কারামুক্তি দিবস আজ
  • জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
  • অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে