দেশের রাজনৈতিক পরিবেশ গোছানোই এখন বড় চ্যালেঞ্জ : ড. ইউনূস

দেশের রাজনৈতিক পরিবেশকে ‘সেকেলে’ আখ্যা দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস বলেছেন, ‘আমরা যে বিশৃঙ্খল পরিস্থিতি উত্তরাধিকার হিসেবে পেয়েছি, তা গোছানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’

তিনি বলেছেন, ‘তরুণ প্রজন্মকে রাজনীতিতে আরো সক্রিয়ভাবে অংশ নিতে হবে। তাদের স্বপ্ন বাস্তবে রূপ দিতে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এটি অত্যন্ত প্রয়োজনীয়।’

মঙ্গলবার (৬ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নরওয়ের বিভিন্ন রাজনৈতিক দলের তরুণ নেতাদের এক প্রতিনিধিদল তার সাথে সাক্ষাৎ করলে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা তরুণদের রাজনীতিতে এগিয়ে আসতে উৎসাহিত করছি। কারণ এতে তারা নীতিনির্ধারণ প্রক্রিয়ায় কার্যকর ভূমিকা রাখতে পারবে।’

নরওয়েজিয়ান প্রতিনিধিদলের মধ্যে ছিলেন সোশ্যালিস্ট ইউথ লিগের উপনেতা নাজমা আহমেদ, এইউএফ-এর আন্তর্জাতিক নেতা ও কেন্দ্রীয় বোর্ড সদস্য ফাউজি ওয়ারসামে, সেন্টার পার্টির সদস্য ড্যান স্কফটেরুড, কনজারভেটিভ পার্টির ওলা স্ভেন্নেবি, ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটসের হাদলে রাসমাস বিজুল্যান্ড, গ্রিন পার্টি-ঘনিষ্ঠ গ্রিন ইউথ-এর সদস্য টোবিয়াস স্টক্কেল্যান্ড এবং ইয়াং লিবারালস অফ ইনল্যান্ডেটের সাবেক নেত্রী থাইরা হাকনসলক্কেন।

আলাপকালে প্রধান উপদেষ্টা তাদের রাজনৈতিক অভিজ্ঞতা, ভবিষ্যৎ লক্ষ্য ও কর্মকাণ্ড সম্পর্কে জানতে চান। একইসাথে তিনি নরওয়ের রাজনীতিতে তরুণদের অংশগ্রহণের হার সম্পর্কেও খোঁজ নেন।

এদিকে নরওয়েজিয়ান তরুণ নেতাদের জানতে চাওয়া ‘বাংলাদেশের অনেক তরুণ এখনো পর্যন্ত জীবনে একবারও ভোট দিতে পারেনি, এ বিষয়ে অন্তর্বর্তী সরকার কী উদ্যোগ নিয়েছে’ প্রশ্নে প্রধান উপদেষ্টা বলেন, ‘নতুন সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে কাঠামোগত সংস্কার। গত ১৫ বছর ধরে মানুষ প্রকৃত ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। তিনটি মেয়াদজুড়ে প্রহসনের নির্বাচনী ব্যবস্থা চালু ছিল, যা বাস্তবে জনগণকে ভোটের সুযোগ থেকে বঞ্চিত করেছে। সুতরাং প্রতিষ্ঠানগুলো সংস্কার করাই এখন সবচেয়ে বড় প্রয়োজন, যাতে তরুণরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।’

ড. ইউনূস আরো বলেন, ‘আমরা এক পরিবর্তনের সময় অতিক্রম করছি। আমি আশা করি, এ রূপান্তরকাল দীর্ঘস্থায়ী হবে না।’






সম্পর্কিত সংবাদ

  • গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি
  • টিএসসিতে ‘শালুকডাঙার কথা’ পরিবেশন করল ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ
  • দুই দেশের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন প্রধানমন্ত্রী: ত্রিবেদী
  • হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২৫৬
  • রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ
  • রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন