মুখ ভর্তি ছোট ছোট বাম্পস? মুক্তি পেতে মেনে চলুন এই নিয়ম
অনেকেরই মুখে ছোট ছোট বাম্পস বা দানা দেখা দেয়, বিশেষ করে কপালে। কখনো এগুলো ত্বকের রঙের সঙ্গে মিশে থাকে, কখনো আবার সাদা ফুসকুড়ির মতো মনে হয়। এর ফলে কপালের ত্বক বেশ খসখসে হয়ে পড়ে। এই সমস্যার পেছনে নানা কারণ থাকতে পারে। তবে সাধারণত ত্বকের লোমকূপ বন্ধ হয়ে যাওয়া, অতিরিক্ত তেল বা সিবাম জমা হওয়া, চুলের প্রসাধনীর সংস্পর্শ কিংবা ত্বকের অ্যালার্জিজনিত জ্বালাপোড়া থেকে এই সমস্যা তৈরি হতে পারে। সঠিক স্কিনকেয়ার রুটিন মেনে চললে এই সমস্যার নিয়ন্ত্রণ সম্ভব।
দিনে দুইবার মুখ পরিষ্কার করুন
কপালে বা মুখে ছোট ছোট দানা দেখা দিলে ত্বক পরিষ্কার রাখার বিষয়ে বাড়তি মনোযোগ দিতে হবে। দিনে দুইবার মুখ ধুয়ে নিতে হবে। জেন্টল এবং নন-কমেডোজেনিক ফেসওয়াশ ব্যবহার করুন। এতে ত্বকের অতিরিক্ত তেল, ঘাম, ধুলোবালি ও সানস্ক্রিনের অবশিষ্টাংশ দূর হবে। ব্যায়াম করার পর বা অতিরিক্ত ঘেমে গেলে অবশ্যই মুখ ধুয়ে নিতে হবে।
তবে ত্বকের দানা দূর করার জন্য জোরে জোরে স্ক্রাব করা বা শক্ত ব্রাশ দিয়ে মুখ ঘষার মতো ভুল করবেন না। এতে ত্বকে জ্বালাপোড়া ও প্রদাহ বেড়ে যেতে পারে।
স্কিনকেয়ারে স্যালিসিলিক অ্যাসিড
স্যালিসিলিক অ্যাসিড হলো এক ধরনের বিটা হাইড্রক্সি অ্যাসিড। এটি ত্বকের লোমকূপের গভীরে ঢুকে জমে থাকা মৃত কোষ ও অতিরিক্ত তেল পরিষ্কার করে। নিয়মিত ব্যবহারে ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস এবং ছোট ছোট বাম্পসের সমস্যা দ্রুত কমে আসে।
তবে শুরুতে কম ঘনত্বের পণ্য ব্যবহার করা ভালো। আর একসঙ্গে একাধিক অ্যাসিডযুক্ত পণ্য ব্যবহার করা উচিত নয়। এই অ্যাসিডযুক্ত পণ্য ব্যবহারে ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যেতে পারে বা জ্বালাপোড়া হতে পারে। এমন হলে এই অ্যাসিডযুক্ত পণ্যের ব্যবহার সাময়িকভাবে বন্ধ রাখুন।
হালকা ময়েশ্চারাইজার বেছে নিন
অনেকে ত্বক তৈলাক্ত হলে ময়েশ্চারাইজার ব্যবহার বন্ধ রাখেন। এটি সঠিক কাজ নয়। ত্বকের স্বাভাবিক সুরক্ষা স্তর অটুট রাখতে আর্দ্রতার প্রয়োজন রয়েছে। আর্দ্রতা হারালে ত্বক আরও বেশি তেল নিঃসরণ করে। ফলে ত্বকে বাম্পস বেড়ে যায়।
তাই মুখে হালকা, সুগন্ধিবিহীন এবং নন-কমেডোজেনিক ময়েশ্চারাইজার ব্যবহার করুন। গ্লিসারিন বা হায়ালুরোনিক অ্যাসিডযুক্ত পণ্য এক্ষেত্রে সবচেয়ে উপকারী
চুলের প্রসাধনী ব্যবহারে সতর্কতা
চুলে তেল, লিভ-ইন কন্ডিশনার, হেয়ার সিরাম বা স্টাইলিং জেল ব্যবহারের সময় তা আমাদের কপালে লেগে যায়। বারবার কপালের ত্বকে এসব লাগলে লোমকূপ বন্ধ হয়ে বাম্পস তৈরি হতে পারে। তাই চুল যেন মুখ ও কপালে এসে না পড়ে এ বিষয়ে সতর্ক থাকুন।
এ ছাড়া, শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহারের পর চুলের গোড়া এবং কপালের কিনারা ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিন। পাশাপাশি ত্বকের সংক্রমণ এড়াতে নিয়মিত বালিশের কভারও পরিবর্তন করুন।
ভারী মেকআপ ও তেলযুক্ত প্রসাধনী এড়িয়ে চলুন
ঘন ফাউন্ডেশন, প্রাইমার এবং অতিরিক্ত তেলযুক্ত প্রসাধনী ত্বকের লোমকূপের মুখ বন্ধ করে দেয়। তাই প্রসাধনী কেনার সময় ‘অয়েল-ফ্রি’ বা ‘নন-কমেডোজেনিক’ লেখা দেখে কিনুন। রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই মেকআপ পুরোপুরি তুলে ডাবল ক্লিনজিংয়ের মাধ্যমে ত্বক পরিষ্কার করে নেবেন।
সম্পর্কিত সংবাদ
এয়ার ফ্রায়ার দীর্ঘদিন ভালো রাখতে যেভাবে পরিষ্কার করবেন
এয়ার ফ্রায়ার খুব সামান্য তেলে মুচমুচে সমুচা, বিভিন্ন রকম ফ্রাই এবং ক্রিসপি চিকেন তৈরি করতেবিস্তারিত…
গরু নাকি মহিষের ঘি, কোনটি বেশি স্বাস্থ্যকর
রান্নায় স্বাদ বাড়াতে কিংবা খাবারের সঙ্গে ঘি খেতে পছন্দ করেন অনেকে। বাজারে গরুর দুধের ঘিবিস্তারিত…


